টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, কোমরসমান পানিতে অচল ধানমন্ডি ২৭
মনিরুজ্জামান ,ঢাকা :
গতকাল রাত থেকে টানা প্রবল বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে ধানমন্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
রোববার সকাল থেকে সড়কটি কার্যত পানির নিচে তলিয়ে যায়। এতে স্কুলগামী শিক্ষার্থী, অফিসমুখী মানুষ এবং দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। অনেককে কোমরসমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়, আবার কেউ কেউ বাধ্য হয়ে ফিরে যান।
সড়কে জমে থাকা পানিতে অনেক ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনে পানি ঢুকে বিকল হয়ে পড়ে। ফলে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। শুধু সড়কেই নয়, উপচে পড়া পানি আশপাশের দোকানপাটেও ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাজধানীতে ভারী বৃষ্টি হলেই ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় একই ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় রাজধানীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

























