প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে আমিন বাজার-হেমায়েতপুর সড়ক, শুরু পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের মহাযজ্ঞ
প্রায় দুই দশক ধরে ময়লার স্তূপ, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে ভোগান্তির প্রতীক হয়ে ওঠা আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়ককে নতুন রূপ দিতে শুরু হয়েছে ব্যাপক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম। প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর দ্রুতগতিতে এগিয়ে চলছে এ উদ্যোগ।
জানা গেছে, গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর নজরে আসে আমিন বাজার-হেমায়েতপুর সড়কের পাশের দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও তীব্র দুর্গন্ধ। বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরপর স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে শুরু হয় ময়লা অপসারণ ও পরিবেশ উন্নয়নের কাজ।
শনিবার চলমান কার্যক্রম পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা কাজের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশনা দেন।
প্রকল্পের আওতায় রাস্তার দুই পাশের অবৈধভাবে ফেলা বর্জ্য অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হচ্ছে। পাশাপাশি বালি ও মাটি দিয়ে রাস্তার পাশ ভরাট করে ঢাল তৈরি করা হচ্ছে, যাতে বর্ষাকালে মাটি ধসে না পড়ে।
এছাড়া সড়কটিকে আরও সবুজ ও আকর্ষণীয় করে তুলতে দুই পাশে নিম, সুপারি ও নারিকেল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে যাতে কেউ সেখানে বর্জ্য ফেলতে না পারে, সেজন্য উঁচু বেড়া নির্মাণ এবং নিয়মিত নজরদারির ব্যবস্থাও নেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রকল্পের কাজ শেষ হলে আমিন বাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত সড়কটি দুর্গন্ধ ও বর্জ্যমুক্ত হওয়ার পাশাপাশি একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপ নেবে। এতে পরিবেশ দূষণ কমবে এবং প্রতিদিনের যাতায়াতে সাধারণ মানুষের স্বস্তি ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত হবে।

























