‘সাত দিনই কাজ করছি, স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি পূরণ হবেই’— অর্থমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের দেওয়া মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে স্বাস্থ্যখাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার নানামুখী সহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। নেতৃত্বের ধারাবাহিকতায় উন্নয়নের গতি ধরে রাখতে সরকারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এখন সপ্তাহের সাত দিনই কাজ চলছে।
স্বাস্থ্যখাতে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দেশে দক্ষ ও সম্ভাবনাময় উদ্যোক্তার অভাব নেই। তাদের জন্য উপযুক্ত ব্যবসায়িক পরিবেশ, আধুনিক নীতিমালা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক মানের সাফল্য অর্জন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কার্যকর নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও জানান, হাসপাতালসেবা সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম উৎপাদন শিল্পেও বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকার উৎসাহ দিয়ে যাচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে চলতি অর্থবছরের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ও স্বাস্থ্যখাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন কর-সুবিধা, প্রণোদনা এবং নীতিগত সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।






















