পিজিআরকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। তবে একটি বিশেষায়িত নিরাপত্তা বাহিনী হিসেবে প্রশিক্ষণ, দক্ষতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে কোনো ধরনের পিছিয়ে থাকার সুযোগ নেই।
রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা চ্যালেঞ্জের ধরন বদলে গেছে। প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাইবার নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার মাধ্যমে সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এসব গুণ অটুট থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে পড়বে না।
সরকার সব বাহিনীর সক্ষমতা বাড়াতে ধারাবাহিকভাবে আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাহিনীগুলোর প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে অবশ্যই চেইন অব কমান্ড মেনে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যুগোপযোগী প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে বাহিনীগুলোকে আরও কার্যকর ও দক্ষ হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
























