হামের প্রকোপে থামছে না শিশুমৃত্যু, একদিনেই ঝরল আরও ৫ প্রাণ
দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১১০ দিনে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬৩৬ শিশু।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ঢাকা, রংপুর ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে সারা দেশে নতুন করে ৯৬৮ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৮৫১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, যেখানে চিকিৎসাধীন হয়েছে ৩০১ শিশু। এরপর রয়েছে চট্টগ্রামে ১৮১, বরিশালে ১৩৭ এবং সিলেটে ৮৭ শিশু। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮৪ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হওয়ার পর থেকে গত ১১০ দিনে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ২৬২ জন এবং পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪২৫ জনের। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৩ হাজার ৫৪৩ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।


























