২৪ জুলাই মঞ্চে ফিরছেন আতিফ আসলাম, শুরু হলো টিকিট পুনরায় ইস্যুর প্রক্রিয়া
গত বছরের ডিসেম্বরে অনিবার্য কারণে স্থগিত হওয়া পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ জুলাই ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড জানিয়েছে, গত বছর কনসার্ট স্থগিত হওয়ার পর দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই নতুন করে এই আয়োজন করা হচ্ছে। প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান বলেন, কয়েক মাস ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সব ধরনের আনুষ্ঠানিকতা ও অনুমোদন সম্পন্ন করা হয়েছে। যারা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, এবার সেই অসমাপ্ত আয়োজন পূর্ণতা পাবে।
তিনি আরও বলেন, এটি শুধু একটি আন্তর্জাতিক কনসার্ট নয়, বরং দর্শকদের প্রতি দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। গত বছর যারা টিকিট কিনেও অর্থ ফেরত নেননি, তাদের কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট ইস্যু করা হবে।
তবে কনসার্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনুষ্ঠানস্থল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এদিকে, যারা গত বছরের টিকিটের অর্থ ফেরত নেননি, তারা mainstage.show ওয়েবসাইটে গিয়ে ‘Re-Apply’ অপশনের মাধ্যমে নতুন টিকিটের জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই শেষে সম্পূর্ণ বিনামূল্যে তাদের নামে নতুন টিকিট ইস্যু করা হবে এবং হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
অন্যদিকে, যেসব দর্শক টিকিটের রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারাও চাইলে রিফান্ড আবেদন বাতিল করে আগের টিকিট পুনরুদ্ধার করতে পারবেন। আবেদন যাচাই শেষে তাদের জন্যও বিনামূল্যে নতুন টিকিট সরবরাহ করা হবে।


























