বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার
দুবাইয়ে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্র বাংলাদেশ দূতাবাস ইউএই কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এখন সরকারের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি জানা যাবে।
তিনি আরও জানান, দুবাই কর্তৃপক্ষ বেনজীর আহমেদকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ করেছিল। তবে বাংলাদেশ নির্ধারিত সময়ের অনেক আগেই, মাত্র তিন দিনের মধ্যে সব প্রয়োজনীয় নথি পাঠিয়ে দেয়।
বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে—এমন আলোচনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করার সুযোগ নেই। কারণ, বাংলাদেশ এখনো ইউএই সরকারের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদ দেশটির ফেডারেল পুলিশের হেফাজতেই রয়েছেন।
উল্লেখ্য, সাবেক আইজিপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন—এ তথ্য প্রথম প্রকাশ্যে আসে গত ১৪ জুন। সেদিন জাতীয় সংসদে বিষয়টি নিশ্চিত করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।






















