নবজাতকদের জন্য সোনার আংটি উপহার, নতুন কল্যাণ প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে আলোচনায় রয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। এবার তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। নতুন এই কর্মসূচির নাম রাখা হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’।
সরকারি তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে প্রতি বছর প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় করা হবে। ইতোমধ্যে দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
২০২৬ সালের ২২ জুন, অর্থাৎ মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় এসেছে। তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকেই এই উদ্যোগের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। প্রচলিত রীতিতে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন শিশুর মামা। নতুন এই প্রকল্পে সরকার প্রতীকীভাবে সেই ‘মামা’র দায়িত্ব পালন করবে এবং নবজাতকের প্রতি রাষ্ট্রের ভালোবাসা, সুরক্ষা ও শুভকামনার প্রতীক হিসেবে সোনার আংটি উপহার দেবে।
সরকারের দাবি, এই উদ্যোগ শুধু তামিল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেই ভূমিকা রাখবে না, বরং নবজাতক ও তাদের পরিবারের প্রতি সরকারের আন্তরিকতা এবং সামাজিক নিরাপত্তার বার্তাও বহন করবে।
উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-এর নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি। পাশাপাশি এটি সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এরও একটি অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি।
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল নেতাদের জন্মদিন উপলক্ষে ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি উপহার দিলেও, এবারই প্রথম এই ধরনের উদ্যোগকে সরকারি কল্যাণমূলক প্রকল্প হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো।


























