নলডাঙ্গায় মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস।
নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার আচড়াখালী, ভূষণগাছা এবং মৎস্য অভয়াশ্রম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) মো. সুজন আহম্মেদ, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. হাবিল, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মৎস্য আইন বাস্তবায়ন ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


























