রাষ্ট্রীয় মর্যাদায় কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শুরু
মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এই গুরুত্বপূর্ণ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (২১ জুন ২০২৬) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) অবতরণ করে।
বিমানবন্দরে মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ড. জুলকিফলি হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরবর্তীতে রাষ্ট্রীয় মর্যাদা ও কূটনৈতিক প্রটোকল অনুযায়ী মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর এ সফরকে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনকারী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

























