আন্তর্জাতিক অলিম্পিয়াডে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, তিনজনকে ল্যাপটপ ও অন্য সদস্যদের বই উপহার
স্বর্ণজয়ী তরুণদের পাশে সরকার, এআই অলিম্পিয়াডে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
নিজস্ব সংবাদ :
বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের তরুণ মেধাকে বিকশিত করতে সরকারের অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, উদ্ভাবনী চিন্তা, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে নতুন প্রজন্ম বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারে।
আলোচনার সময় শিক্ষার্থীরা তাদের পুরস্কারজয়ী প্রকল্প, গবেষণার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে উৎসাহ দেন।
প্রতিনিধিদল আগামী ২ থেকে ৮ আগস্ট কাজাখস্তানে অনুষ্ঠিতব্য এআই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরলে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় সাফল্য কামনা করেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী হোমনা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব শাহরিয়ার, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুজ্জামান আরাফ এবং নটর ডেম কলেজের শিক্ষার্থী ত্রিদিব রায় আর্যকে একটি করে ল্যাপটপ উপহার দেওয়া হয়। এছাড়া দলের অন্য সদস্য নাইরা নাওয়ার আহমেদ, নাওফিল রহমান, অনন্য যারিফ আকন্দ, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাযা আব্দুল্লাহকে বই উপহার দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, গবেষণার সুযোগ এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তাঁর মতে, তরুণদের হাত ধরেই প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
এ সময় প্রতিনিধিদল বাংলাদেশে এআই অলিম্পিয়াড আয়োজনের আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী এ উদ্যোগেও সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের টিম লিডার অধ্যাপক ড. বি. এম. মইনুল হোসেন রাজু, কোচ ড. মোহাম্মদ আজম খান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।