সৌদিতে গাড়ি চালানো শেখার সময় দুর্ঘটনা, কানাইঘাটের তরুণ প্রবাসী তারেকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার এক তরুণ প্রবাসী। নিহত তারেক আহমদ (২৫) উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের বাসিন্দা এবং ফয়েজ আহমদের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তারেক। গত বৃহস্পতিবার কর্মস্থলের দায়িত্ব শেষ করে জেদ্দায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি গাড়ি চালানো শেখার সময় একটি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে গুরুতর আহত হলে সহকর্মীরা দ্রুত তাঁকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শুক্রবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল মালিক চৌধুরী তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক মাস আগে উন্নত জীবনের আশায় সৌদি আরবে গিয়েছিলেন এই তরুণ। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, এর আগেও গত ২১ জুন কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা স্থানীয়দের গভীরভাবে নাড়া দিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সৌদি আরবে আরেক প্রবাসীর মৃত্যুতে এলাকায় আবারও শোকের আবহ তৈরি হয়েছে।


























