সাইবার নিরাপত্তা আইনসহ একাধিক আইন সংশোধনের উদ্যোগ, আলোচনায় সাংবাদিকদের সুরক্ষা
নিজস্ব প্রতিবেদক: সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে গণমাধ্যমের মালিক, সংশ্লিষ্ট অংশীজন ও অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আইন সংশোধনের ক্ষেত্রে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি জানান, সাইবার নিরাপত্তাসহ অন্যান্য আইন সংশোধনের সম্ভাব্য দিক নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের মালিকদের সঙ্গেও মতবিনিময় করা হয়েছে। এসব আলোচনায় গণমাধ্যমকর্মীরা কীভাবে আইনি সুরক্ষা পাবেন এবং একই সঙ্গে সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে কথা হয়েছে।
আন্দালিব রহমান পার্থ বলেন, আইন সংশোধনের বিষয়ে আলোচনা এখনো চলমান। এ বিষয়ে ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ
ধর্মীয় উৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কথা বলে আসছেন। এবারও হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দুর্গাপূজা উদযাপনকারী সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী জানান, নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ দেখা দিলে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পরিদর্শনের সময় তিনি কোনো অপ্রীতিকর পরিস্থিতি দেখতে পাননি। বরং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে দেখেছেন।
সাংবাদিক হত্যার ঘটনায় আইনি ব্যবস্থার কথা
নেত্রকোনায় এক সাংবাদিক হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, অপরাধের শিকার ব্যক্তি সাংবাদিক হোন কিংবা অন্য পেশার মানুষ—ঘটনার সত্যতা ও প্রেক্ষাপট অনুযায়ী প্রচলিত আইন অনুসারেই ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি এবং বিজেপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























