সাংবাদিকদের নিবন্ধন বাধ্যতামূলক করার ভাবনা, প্রেস কাউন্সিল আইনেও আসছে বড় পরিবর্তন
ঢাকা: দেশের গণমাধ্যম খাতকে আরও জবাবদিহিমূলক, পেশাদার ও আধুনিক কাঠামোয় আনতে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালুর বিষয়টি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। তিনি বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর এবং গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে আইনটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, প্রস্তাবিত সংশোধনীতে মিথ্যা, হয়রানিমূলক বা নীতিনৈতিকতাবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, সরকার দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক বা অনুমোদনহীন কার্যক্রমকে সরকার সমর্থন করে না।
ডিজিটাল গণমাধ্যম প্রসঙ্গে তথ্যমন্ত্রী জানান, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করা হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম ও ওটিটি সেবার বিস্তারের বিষয়টিও নতুন নীতিমালায় গুরুত্ব পাবে।
এ ছাড়া পডকাস্ট, ব্লগ এবং ইনফ্লুয়েন্সারভিত্তিক কনটেন্টের ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালার আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি আধুনিক নীতিগত কাঠামো তৈরির কাজও চলমান রয়েছে।
সংবাদপত্রের মজুরি বোর্ড প্রসঙ্গে মন্ত্রী বলেন, নবম সংবাদপত্র মজুরি বোর্ডের গেজেট প্রকাশের পর তা কার্যকর করা হলেও আয়কর সংক্রান্ত মতপার্থক্যের কারণে এর পূর্ণ বাস্তবায়ন আটকে আছে। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।
তিনি আরও জানান, বর্তমানে দেশে নিবন্ধিত পত্রিকার সংখ্যা ৩ হাজার ৩৩৮টি। এর মধ্যে ১ হাজার ৪৩৬টি দৈনিক, ১ হাজার ২৩১টি সাপ্তাহিক, ৪৫২টি মাসিক, ২১৫টি পাক্ষিক এবং অন্যান্য বিভিন্ন মেয়াদের প্রকাশনার সংখ্যা ৫৪টি।


























