সমালোচনার জবাব মাঠেই! জোড়া গোলে ঝলসে উঠে ‘পোকার’ উদযাপনে বার্তা দিলেন নেইমার
বিশ্বকাপ–পরবর্তী বিরতিতে মাঠের চেয়ে পোকার টেবিলে বেশি সময় কাটানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে সেই সমালোচনার জবাব দিতে তিনি বেছে নিলেন নিজের সবচেয়ে পরিচিত মঞ্চ—ফুটবল মাঠ।
ব্রাজিলিয়ান সিরি‘আ লিগে শাপকোয়েন্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। দলের হয়ে দুটি গোল করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে সান্তোসকে ২–২ গোলের ড্র এনে দেন তিনি।
ম্যাচের শুরুতেই সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার মাধ্যমে ডি–বক্সে ঢুকে নিখুঁত শটে জাল খুঁজে নেন নেইমার। গোলের পর তার উদযাপনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। হাতে তাস ধরার ভঙ্গিতে গোল উদযাপন করে তিনি যেন সাম্প্রতিক পোকার বিতর্কের সমালোচকদের উদ্দেশেই কটাক্ষ ছুড়ে দেন।
যদিও ম্যাচের মাঝপথে শাপকোয়েন্স ২–১ ব্যবধানে এগিয়ে গিয়ে সান্তোসকে চাপে ফেলে, শেষ মুহূর্তে আবারও রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন নেইমার। নির্ধারিত সময়ের শেষ দিকে দ্বিতীয় গোল করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন তিনি।
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর চোট ও ফিটনেস সমস্যার কারণে কয়েক সপ্তাহ প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ছিলেন নেইমার। এ সময় সান্তোস তাকে বিশেষ ফিটনেস প্রোগ্রামে রাখলেও, কোপা সুদামেরিকানার একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা।
বিতর্কের জবাবে তখনই নেইমার জানিয়েছিলেন, তিনি নিয়মিত অনুশীলন করছিলেন এবং চিকিৎসক ও কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে মাঠে ফিরছিলেন। সমালোচকদের উদ্দেশে তার বার্তা ছিল, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকার।
সব মিলিয়ে মাঠের বাইরের বিতর্ক যতই থাকুক, শাপকোয়েন্সের বিপক্ষে এই পারফরম্যান্সে নেইমার আবারও দেখিয়ে দিলেন—ফিট থাকলে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য এখনো তার আছে। সমালোচনার জবাব তিনি কথায় নয়, দিয়েছেন দুই গোল আর ব্যতিক্রমী এক উদযাপনের মাধ্যমে।
























