সংসদে জনস্বার্থের বদলে তামাশা নয়, সংস্কার চাই—চরমোনাই পীরের কঠোর বার্তা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে গঠিত বর্তমান সংসদের মূল দায়িত্ব হওয়া উচিত দেশের সংকট, সংস্কার ও জনগণের প্রত্যাশা নিয়ে কার্যকর আলোচনা করা। কিন্তু বাস্তবে সংসদে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুর পরিবর্তে অপ্রাসঙ্গিক বিতর্ক ও পারস্পরিক দোষারোপই বেশি দেখা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার (৬ জুলাই) কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তন-এ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ২০২৪ সালের আন্দোলনে বহু তরুণ প্রাণ হারিয়েছেন, অনেকে স্থায়ীভাবে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। সেই আত্মত্যাগের মূল্য যেন সংসদে যথাযথভাবে প্রতিফলিত হয়, সেটিই দেশের মানুষের প্রত্যাশা। তিনি বলেন, জনগণ কাউকে সংসদে পাঠিয়েছে দেশের কল্যাণে কাজ করার জন্য, অপ্রয়োজনীয় বিতর্কে সময় নষ্ট করার জন্য নয়।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। মানুষের কাছে পৌঁছে দলের আদর্শ ও কর্মসূচি তুলে ধরার আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ইসলামী আদর্শই কার্যকর পথ।
আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও বক্তব্য দেন চরমোনাই পীর। তিনি বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায়। তবে কোনো বিদেশি শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ তা প্রতিরোধ করবে বলেও তিনি মন্তব্য করেন।


























