শ্রীনগর পাইলট স্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মুন্সীগঞ্জের শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান। শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ শফিউল আলম খান আজমসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ হোসেন উজ্জ্বল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পড়াশোনা ও অভিভাবকদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

























