শ্রীনগরে গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, আইসিইউতে ভর্তি
শ্রীনগর (মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাদবরপাড়া এলাকায় রিতা আচার্য (৪৫) নামে এক গৃহবধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে রিতা আচার্যের মেয়ে পৃথা আচার্য (১৪) নবম শ্রেণির শিক্ষার্থী, স্কুল থেকে বাড়ি ফিরে সামনের গেট বন্ধ দেখে। পরে পেছনের গেট দিয়ে ঘরে প্রবেশ করে মাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।
স্থানীয়দের ধারণা, টাকার লেনদেনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রিতা আচার্যের স্বামী হরি আচার্য কাতারপ্রবাসী। খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে গেছে।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

























