রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় দুটি মামলা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে এক নারী ও তার তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টার দিকে নিহত শাহীনুর বেগমের ছেলে জুনায়েদ ইসলাম শিফাত বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত অন্তর মজুমদারকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে শাহীনুর বেগম ও তার তিন মেয়ের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। তবে অভিযুক্ত অন্তর মজুমদারের মরদেহ এখনও হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর মজুমদারের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। তিনি ফলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নোয়াখালীর সদর এলাকার একটি আড়ত থেকে ফল কিনে রায়পুরে এনে বিক্রি করতেন বলে জানিয়েছেন তার এক পরিচিত ব্যক্তি।
তবে নিহত পরিবারের সঙ্গে অন্তরের কী ধরনের সম্পর্ক ছিল কিংবা কী কারণে এমন ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাকে ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়ালেও পুলিশ এখনই কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করছে না।
বাদী জুনায়েদ ইসলাম শিফাতের দাবি, হত্যাকাণ্ডের পেছনে লুটপাটের উদ্দেশ্য থাকতে পারে। তার ভাষ্য, বাড়ির মালিক অনুপস্থিত থাকলে ভাড়াটিয়ারা তার মায়ের কাছেই বাসাভাড়া জমা দিতেন। পরে বাড়ির মালিক এসে সেই টাকা নিয়ে যেতেন। পাশাপাশি বাসাটির সার্বিক দেখভালের দায়িত্বও পালন করতেন তার মা।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রাশেদ বলেন, এ ঘটনায় ইতোমধ্যে দুটি মামলা হয়েছে এবং তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও দ্রুত রহস্য উদ্ঘাটনের বিষয়ে আশাবাদী পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীপাড় এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ অনুযায়ী, ফল বিক্রেতা অন্তর মজুমদার ধারালো অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে শাহীনুর বেগম ও তার তিন মেয়ের ওপর হামলা চালান।
ঘটনাস্থলেই শাহীনুর বেগম (৩৮), তার মেয়ে ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯) নিহত হয়। গুরুতর আহত বড় মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার (২০), হাসপাতালে নেওয়ার পথে মারা যান। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


























