রামপুরায় জুলাই গণ-অভ্যুত্থানের হত্যা মামলার রায় আজ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় সংঘটিত বহুল আলোচিত হত্যা ও গুলির ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ রোববার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় দেবেন এবং তা সরাসরি সম্প্রচার করা হবে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।
এই মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজন অভিযুক্ত। তাঁদের মধ্যে চারজন বর্তমানে পলাতক। তারা হলেন সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান এবং সাবেক উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম ভূঁইয়া। অপর আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকার কারাগারে রয়েছেন।
মামলায় তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বনশ্রী এলাকায় মো. নাদিম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। একই দিনে একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে গুরুতর আহত করা হয়। এছাড়া বিকেলে সাত বছরের শিশু বাসিত খান মুসাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে তার দাদি মায়া ইসলাম নিহত হন।
প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে ১৩ জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পঞ্চম রায় হতে যাচ্ছে।
গত বছরের ৩১ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। পরে ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৩ অক্টোবর এবং শেষ হয় চলতি বছরের ১৩ জানুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ ছিল।
প্রথমে গত ৪ মার্চ রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলেও প্রসিকিউশনের আবেদনের পর তা স্থগিত করা হয়। পরে ১৫ জুন নতুন করে আজকের দিনটি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

























