যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের: ‘অপকর্ম বন্ধ না হলে হরমুজ প্রণালি খুলবে না’
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে আবারও কঠোর অবস্থান নিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘বৈরী কর্মকাণ্ড’ বন্ধ না হওয়া পর্যন্ত এই কৌশলগত জলপথে কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে তা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নীতিও বহাল থাকবে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার পরিপন্থী। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিভিন্ন অজুহাত সামনে এনে ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ‘বেআইনি জাহাজ’ শনাক্ত করার দাবি তুলে বাস্তবে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে। এই ধরনের পদক্ষেপকে তারা উসকানিমূলক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।
আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে তাদের ঘোষিত নৌ-নিয়ন্ত্রণ কার্যকর রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজ কিংবা যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের যুদ্ধজাহাজ সেই নিয়ন্ত্রণ অমান্য করে ওই পথ অতিক্রম করার চেষ্টা করেনি।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, কেউ অবরোধ অমান্য করার চেষ্টা না করায় সেখানে কোনো জাহাজে হামলা বা সংঘর্ষের ঘটনাও ঘটেনি।
হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ফলে এই জলপথ ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আন্তর্জাতিক বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা


























