মুন্সিগঞ্জ শ্রীনগরে চোরাই গরুসহ দুই গরুচোর গ্রেপ্তার
শ্রীনগর(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিশেষ অভিযান চালিয়ে চোরাই একটি ষাঁড় গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রাম এলাকার বাসিন্দা ছায়েদ মৃধার গোয়ালঘর থেকে গত ১৬ জুলাই গভীর রাতে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের একটি কালো ষাঁড় গরু চুরি হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা হওয়ার পর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে মঙ্গলবার (২১ জুলাই) পাটাভোগ এলাকা থেকে মাহিদুল ইসলাম (৩৭) ও সোহেল ব্যাপারীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ এলাকার একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাই গরুটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার মাহিদুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায়। বর্তমানে তিনি শ্রীনগরের পাটাভোগ এলাকায় ভাড়া থাকতেন। অপর গ্রেপ্তার সোহেল ব্যাপারীর বাড়ি শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম চকেরপাড়া এলাকায়।
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর দিকনির্দেশনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশ পরিদর্শক (তদন্ত)মিল্টন দত্ত ও এসআই মোয়াজ্জেম হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
শ্রীনগর থানার পুলিশ জানায়, উদ্ধার করা গরুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


























