মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব আশা দেখানো হচ্ছে।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে তিনি শুনছেন যে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি বলেন, কেউ দেশে ফিরতে চাইলে তা তার ব্যক্তিগত বিষয়, তবে প্রশ্ন হচ্ছে—অতীতের ঘটনাগুলোর দায় অস্বীকার করে কীভাবে জনগণ ও দলকে নতুন করে আশার গল্প শোনানো হয়?
তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময়ের শাসনামলে সংঘটিত নানা ঘটনা—গুম, হত্যা, দুর্নীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা, মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার এবং বিপুল অর্থ বিদেশে পাচারের মতো অভিযোগ—এসব বিষয়ে আত্মসমালোচনা বা অনুশোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সোহেল তাজ আরও বলেন, আত্মসমালোচনার পরিবর্তে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ সামনে এনে আওয়ামী লীগকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্যও ক্ষতিকর হতে পারে।
বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা অত্যন্ত বিরল। তিনি ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান দ্বিতীয় এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনার উদাহরণ উল্লেখ করেন।
তার মতে, ওই নেতারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছিলেন; কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এখানে জনগণের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে সোহেল তাজ বলেন, কেউ দেশে ফিরতে পারেন, কিন্তু জনগণের বিচারের মুখোমুখি না হয়ে পুনরায় ক্ষমতায় ফেরার স্বপ্ন বাস্তবসম্মত নয়।


























