মন্ত্রিসভায় নতুন মুখ, তথ্যমন্ত্রী হতে পারেন আন্দালিব রহমান পার্থ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনার কথা জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, শপথ অনুষ্ঠানে যোগ দিতে সম্ভাব্য মন্ত্রিসভার নতুন সদস্যদের কয়েকজনকে ইতোমধ্যে বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য যোগাযোগ করা হয়েছে।
নতুন মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নামও আলোচনায় রয়েছে।
বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, দলীয় চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। পার্থ নিজেই তাকে বিষয়টি জানিয়েছেন। তবে তাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য তিনি দিতে পারেননি।
বর্তমান মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। মন্ত্রিসভায় পরিবর্তন এলে তাকে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
অন্যদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, বিষয়টি নিয়ে তারাও বিস্তারিত জানার চেষ্টা করছেন। বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বিষয়টি স্পষ্ট হতে পারে। তবে শেষ মুহূর্তের আগে এসব বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা কঠিন বলেও জানান তিনি।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী জানিয়েছেন, তাকে ফোন করে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর বাইরে তিনি আর কোনো তথ্য জানাননি।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে।
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রীর এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভার সদস্য নন।
























