মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা: মার্কিন হামলার পর কুয়েত-জর্ডানমুখী ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পর এবার অঞ্চলজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে তেহরান।
বিবিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
শুধু কুয়েতই নয়, জর্ডানে থাকা একটি মার্কিন ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে। তবে জর্ডানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদের ‘ভিক্টরি বেস’ এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যদিও ঘটনার বিস্তারিত এখনো স্পষ্ট নয়।
ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
আরাগচির ভাষ্য অনুযায়ী, আলোচনায় সংশ্লিষ্ট সবাই সংকট নিরসনে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও একমত হন তারা।
এদিকে অঞ্চলজুড়ে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল।
























