বেনজীরকে ফেরাতে ৩ দিনেই নথি পাঠানো হয়েছে, দুবাইয়ের সাড়া প্রত্যাশা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে দুবাই কর্তৃপক্ষ ই-মেইলে অবহিত করার পর মাত্র তিন দিনের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব নথিপত্র পাঠানো হয়েছে। অথচ দুবাই কর্তৃপক্ষ ৩০ দিনের মধ্যে কাগজপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছিল। এতে প্রমাণ হয়, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে।
তিনি বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ১৪৪ পৃষ্ঠার বিস্তারিত নথি পাঠানো হয়েছে। এসব নথির মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা, মামলার বিবরণসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য রয়েছে। আন্তর্জাতিক প্রক্রিয়ার অংশ হিসেবে নথিগুলো আরবি ভাষায়ও অনুবাদ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দুবাই সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই বেনজীর আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হবে না।
গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নথিপত্র পাঠানোর পর দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া গেছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সেখানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আজ (রোববার) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে খোঁজ নেওয়া হবে।
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ জুনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত এই রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা হতে পারে বলে সরকারের আশঙ্কা রয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

























