বৃষ্টি, প্রশ্নপত্র ও পরীক্ষা ঘিরে ক্ষোভ: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সারা দেশে এইচএসসি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদ :
টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই এইচএসসি পরীক্ষা নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়েছেন। একই সঙ্গে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল, অতিরিক্ত কঠিন প্রশ্ন এবং পরীক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। তাদের দাবি, আগের বছরের তুলনায় এবার অভিন্ন প্রশ্নপত্র অনেক বেশি কঠিন হয়েছে।
দুপুরের দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে সকালে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এরপর তারা পলাশী হয়ে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কর্মসূচি চালিয়ে যান।
শুধু রাজধানীতেই নয়, দেশের বিভিন্ন জেলাতেও একই ধরনের আন্দোলনের চিত্র দেখা গেছে। উত্তরা এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক, বরিশালে ঢাকা–বরিশাল মহাসড়ক এবং ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কে শিক্ষার্থীরা সাময়িক অবরোধ সৃষ্টি করেন। এছাড়া কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা পরীক্ষা ব্যবস্থাপনা, প্রশ্নপত্র প্রণয়ন এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।