বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
বিদেশে স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী খায়রুল বাশারের প্রায় ৩৩ কোটি টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি রবিবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির তথ্য অনুযায়ী, খায়রুল বাশার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে অল্প খরচে এবং দ্রুত সময়ে ভর্তি ও পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ সংগ্রহ করেন। পরে এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন না করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।
এই অভিযোগের ভিত্তিতে অর্থপাচার প্রতিরোধ আইন, ২০১২-এর অধীনে রাজধানীর গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বিপুল পরিমাণ সম্পদ কেনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর আদালতে সম্পদ জব্দের আবেদন করা হয়।
তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ব্যক্তি রাজধানীর ভাটারায় বড় স্ত্রীর নামে একটি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমা (ডোনা)-এর নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট, নিজের নামে রাজাবাজারে দুটি ফ্ল্যাট এবং আজিজ সড়কে জি+৭ ও জি+৬ তলা বিশিষ্ট দুটি ভবনসহ নিজের ও প্রতিষ্ঠানের নামে মোট ৩,৪৮২.৫ শতাংশ জমি ক্রয় করেন। এসব সম্পদের দলিলমূল্য প্রায় ৩৩ কোটি টাকা বলে জানিয়েছে সিআইডি।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের পর সিনিয়র স্পেশাল জজ আদালত অভিযুক্তের নামে থাকা এসব স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
উল্লেখ্য, অর্থপাচারের মামলায় গত বছরের ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক প্রক্রিয়া শুরু হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, নিজেকে শিক্ষাবিদ ও সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও খায়রুল বাশার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তদন্তের মুখোমুখি রয়েছেন। মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

























