বিএনপিকে সন্ত্রাসী, ছাত্রদলকে চাঁদাবাজি, যুবদলকে দখলবাজি কার্ড’—কুড়িগ্রামে এনসিপির পাটওয়ারীর তোপ
নিজস্ব প্রতিবেদন:
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। কুড়িগ্রামে আয়োজিত এক সমাবেশে তিনি বিএনপির জন্য প্রতীকী চার ধরনের ‘কার্ড’ ঘোষণার কথা জানিয়ে বলেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’, যুবদলকে ‘দখলবাজি কার্ড’ এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতে ‘সমন্বিত লাল কার্ড’ তুলে দেওয়া হবে।
বুধবার বিকেলে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ শেষে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। এর আগে কলেজ মোড়ের জুলাই চত্বর থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি নতুন বাংলাদেশের আশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, বিভিন্ন খাতে দখলদারিত্ব প্রতিষ্ঠার পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসনেরও চেষ্টা করছে দলটি।
বিএনপির উদ্দেশে প্রতীকী ‘কার্ড’ প্রদানের ঘোষণা দিয়ে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারির অভিযোগের ভিত্তিতেই এসব কার্ড দেওয়া হবে। একই সঙ্গে তিনি সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সংস্কার বাস্তবায়ন না হলে ভবিষ্যতে নতুন আন্দোলনের ইঙ্গিত দিয়ে পাটওয়ারী বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষিত হলে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বন্ধ করতে পারেন, শ্রমিকরা কর্মবিরতিতে যেতে পারেন এবং তরুণদের আবারও রাজপথে নামার পরিস্থিতি তৈরি হতে পারে।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সদস্যসচিব মাসুম মিয়া এবং সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলপ্রধান রাশেদুজ্জামান তাওহীদ।

























