বাথরুমে সরকারি ওষুধের স্তূপ! মন্ত্রীর অভিযানের পর ক্লিনিক বন্ধের নির্দেশ, তলবে সাবেক কর্মকর্তারা
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিত্যক্ত ভবন ও শৌচাগারে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী মজুত থাকার ঘটনা সামনে আসার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পরদিন হাসপাতালটি পরিদর্শন করে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার (২৬ জুলাই) দুপুরে হাসপাতালটি পরিদর্শন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। তাঁর সঙ্গে ছিলেন বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা (স্বাস্থ্য) শফিউর রহমান এবং বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুর রহমান।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং খাবারের মান সম্পর্কে সরাসরি খোঁজ নেন। পরে হাসপাতালের পরিত্যক্ত ভবনে সংরক্ষিত প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ দ্রুত নিয়ম অনুযায়ী অপসারণ করে এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে এসব ওষুধ যথাসময়ে অপসারণ না করে ফেলে রাখার কারণ জানতে হাসপাতালের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পরিদর্শন শেষে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই অবস্থিত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির পরিচালিত ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ বন্ধ করার নির্দেশ দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
এর আগে শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের চিত্র দেখতে পান। প্রায় দুই ঘণ্টার ওই পরিদর্শনে হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ খুলে দেখা যায়, সেখানে সরকারি ওষুধ, স্যালাইন, সুই-সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী স্তূপ করে রাখা হয়েছে। শুধু ভবনেই নয়, হাসপাতালের শৌচাগারেও ওষুধ ও স্যালাইনের স্তূপ দেখে বিস্মিত হন তিনি।
ঘটনার পরপরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এরপরই বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তদন্ত, জবাবদিহি এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

























