বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন মার্কিন অনুদান, সহযোগিতা আরও জোরদারের বার্তা
বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতা আরও বিস্তৃত করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা এবং ঐতিহ্য সংরক্ষণে চলমান সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন এবং পুনরায় সাক্ষাতের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কর্মসূচির আওতায় বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নতুন করে ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়া হয়েছে। এর ফলে গত ২৫ বছরে এই তহবিলের মাধ্যমে দেশে ১৩টি প্রকল্পে মোট ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ সম্পন্ন হয়েছে।
এই সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদের স্থাপত্য সংরক্ষণ, ডিজিটাল আর্কাইভ নির্মাণ এবং তরুণ স্থপতিদের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি পুরান ঢাকার শাঁখারীবাজার, লালবাগ কেল্লার একটি অংশ এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের সংরক্ষণ ও উন্নয়নেও এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এ ছাড়া বাউল সংগীত, জামদানি তাঁতশিল্প এবং প্রাচীন ধাতব ঢালাই শিল্পের মতো বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও দলিলভুক্ত করার কাজেও এই সহায়তা ব্যবহৃত হচ্ছে।
আলোচনায় সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম সিটির উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যৌথভাবে ইউএস–বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং শিল্পী বিনিময় কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়েও উভয় পক্ষ ইতিবাচক মত বিনিময় করেন।
বৈঠক শেষে দুই দেশই সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করে।






















