বগুড়ায় তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা, এ বছরই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়ায় তুরস্কের সহযোগিতায় একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে বিমানঘাঁটির অনুমোদন সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশ বিমানবাহিনীর নতুন যুদ্ধবিমান ওই ঘাঁটির বহরে যুক্ত হবে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। অতীতে রাজনৈতিক কারণে জেলার উন্নয়ন কাঙ্ক্ষিত গতিতে এগোয়নি বলে উল্লেখ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত হলেও এমপিওভুক্ত না হওয়া কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এখন তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি জেলার ভারসাম্যপূর্ণ উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। সেই নীতির আলোকে বগুড়ার অবকাঠামো, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি বছর নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। এ জন্য বাজেট বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। বড় বাজেট বাস্তবায়নের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রম মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সংবাদমাধ্যমকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, সরকার সমালোচনার ঊর্ধ্বে নয়। তাই গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে সরকার ইতিবাচকভাবে গ্রহণ করতে চায়, যাতে ভুল-ত্রুটি সংশোধন করে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করা যায়।
বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে আয়োজিত সংলাপে সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






















