প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব
মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকের শুরুতেই জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২৭ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বাংলাদেশকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
তিনি বলেন, বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষার প্রসার এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মতবিনিময় করেন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও চীনের কৌশলগত অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

























