প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: চীনের সঙ্গে একাধিক চুক্তি সইয়ের প্রস্তুতি
মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
আগামীকাল রোববার (২১ জুন) শুরু হতে যাওয়া প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার কথা রয়েছে।
সফরকালে তিস্তা প্রকল্পের অগ্রগতি ও সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
জানা গেছে, আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরপর সোমবার (২২ জুন) লি চিয়াং-এর আমন্ত্রণে তিনি চীন সফরে যাবেন।
ব্রিফিংয়ে আসাদ আলম সিয়াম বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি আরও জানান, মালয়েশিয়া ও চীন—উভয় সফরেই প্রতিনিধিদল তুলনামূলক ছোট রাখা হয়েছে। প্রতিটি সফরে প্রতিনিধিদলের সদস্যসংখ্যা ২৭ থেকে ২৮ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, “প্রতিনিধিদলকে যৌক্তিক ও কার্যকর পর্যায়ে রাখার চেষ্টা করা হয়েছে।”

























