প্রধানমন্ত্রীর পরিবারের নামে ভুয়া ফেসবুক আইডি, প্রতারক গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নাম-ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি পরিচালনার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
পুলিশের অভিযোগ, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছিল। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। শুধু প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও কর্মকর্তারাই নন, আরও কয়েকজনের নাম ব্যবহার করেও একাধিক ফেসবুক আইডি ও পেজ খোলার তথ্য পেয়েছে পুলিশ।
অভিযোগ পাওয়ার পর ভুয়া অ্যাকাউন্টগুলোর তথ্য বিশ্লেষণ শুরু করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম। পরে রোববার বিকেলে অভিযান চালিয়ে কারকান রানাকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।


























