নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, আহত আরও একজন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২২ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি ফ্রাইড চিকেনের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত রাজু নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কংশনগর গ্রামের বাসিন্দা। তিনি ওই দোকানে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও স্বজনদের কাছ থেকে জানা যায়, রাতে হঠাৎ এক বন্দুকধারী দোকানে ঢুকে গুলি চালায়। এতে রাজুসহ সেখানে কর্মরত আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।
পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। আহত অপর বাংলাদেশি বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে শোকের আবহ তৈরি হয়েছে।
আমিশাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবরটি শুনে তিনি অত্যন্ত মর্মাহত। নিহতের পরিবার রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।























