দুর্নীতির অনুসন্ধানে নাজমুল আলম, দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের মধ্যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।
দুদকের আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জন, সেই অর্থ নিজের ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে বৈধ হিসেবে দেখানোর চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে সম্পদ গড়ার অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধান চলাকালে নাজমুল আলম দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ অবস্থায় অনুসন্ধান সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করে দুদক।
দুদকের আবেদনের শুনানি শেষে আদালত নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।























