দুই যুগের সঞ্চয়ই কাল হলো: মেথিকান্দা স্টেশনে বাক্প্রতিবন্ধী ওয়াহিদা হত্যা মামলায় ৫ আসামির ৩ দিনের রিমান্ড
নিজস্ব সংবাদ :
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী নারী ওয়াহিদা বেগম (স্থানীয়দের কাছে ববি বেগম নামে পরিচিত) হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে তিন দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানায়, মামলার তদন্তের স্বার্থে পাঁচ আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)। যৌথ অভিযানে ভৈরব রেলওয়ে থানা-পুলিশ, র্যাব-১১ এবং রেলওয়ে গোয়েন্দা শাখা (ডিবি) রেলস্টেশন এলাকা ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে তাদের আটক করে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা ওয়াহিদা বেগমের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে মারধর করে এবং দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা অর্থ লুট করে নেয়। গুরুতর আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ৮ জুলাই ভোরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রথমে হামলা ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের হলেও ভুক্তভোগীর মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ২২ বছর আগে ওয়াহিদা বেগম মেথিকান্দা রেলস্টেশনে এসে আশ্রয় নেন। এরপর আর নিজের বাড়িতে ফিরে যাননি। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষেই ছিল তার বসবাস। প্ল্যাটফর্ম পরিষ্কার, ঝাড়ু দেওয়া ও শৌচাগার পরিচ্ছন্ন রাখার মতো কাজ করতেন তিনি। যাত্রী ও স্থানীয়দের দেওয়া সামান্য অর্থ খরচ না করে বছরের পর বছর ধরে জমিয়ে রেখেছিলেন। সেই সঞ্চিত অর্থের লোভেই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা তদন্তকারীদের।
পরিবারের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ না থাকায় প্রথমে তার মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরে স্থানীয় মানুষের উদ্যোগে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় স্টেশনসংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর দেখে ওয়াহিদা বেগমের স্বজনরা তাকে শনাক্ত করেন। তারা জানান, তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের ঘোন সাগাটিয়া গ্রামে। প্রায় ২২ থেকে ২৩ বছর আগে পারিবারিক অভিমানে বাড়ি ছেড়ে চলে যান তিনি। দীর্ঘদিন খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি দেখে তারা নিশ্চিত হন, নিহত নারীই তাদের হারিয়ে যাওয়া স্বজন ওয়াহিদা বেগম।