দীর্ঘ বিরতির পর উপস্থাপনায় মুনমুন, ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’তে নতুন যাত্রা
কানাডায় দীর্ঘ সময় স্থায়ীভাবে বসবাসের কারণে দেশের শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে ছিলেন অভিনেত্রী ও উপস্থাপক রুমানা মালিক মুনমুন। তবে বেশ কয়েক বছরের বিরতির পর তিনি আবারও উপস্থাপকের ভূমিকায় দর্শকদের সামনে ফিরেছেন। নতুন অনুষ্ঠান ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ দিয়ে শুরু হয়েছে তার এই নতুন অধ্যায়।
২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া মুনমুন অভিনয়ে যাত্রা শুরু করেন তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র দারুচিনি দ্বীপ দিয়ে। পরবর্তীতে নাটকেও কাজ করলেও উপস্থাপক হিসেবেই তিনি দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান।
সম্প্রতি এক পডকাস্টে মুনমুন জানিয়েছিলেন, কেবল পর্দায় উপস্থিত থাকার জন্য নয়, বরং গবেষণানির্ভর ও অর্থবহ কোনো অনুষ্ঠান পেলে তিনি আবারও উপস্থাপনায় ফিরতে চান। সেই ভাবনার বাস্তব রূপ পেয়েছে ‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ অনুষ্ঠানে।
এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় অংশ নিচ্ছেন তিনি। প্রথম পর্বের অতিথি হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী শামীম আরা নিপা। আগামী পর্বগুলোতে দেখা যাবে মামুনুর রশীদ, আবুল হায়াত, তারিক আনাম খান, ফেরদৌসী রহমান, অদিতি মহসিন, নকীব খান, জুয়েল আইচ, নাসরীন জাহান, রফিক আজমসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে।
অনুষ্ঠানটি নির্মাণ করেছেন পরিচালক সাজ্জাদ হুসাইন, যিনি দীর্ঘদিন জনপ্রিয় টক শো ‘আমার আমি’ পরিচালনা করেছেন। সেই অনুষ্ঠান থেকেই উপস্থাপক হিসেবে মুনমুনের আলাদা পরিচিতি তৈরি হয়েছিল।
সাজ্জাদ হুসাইনের ভাষ্য, এই সিরিজকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি; বরং দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা মানুষদের জীবন, সংগ্রাম ও অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করাই এর মূল লক্ষ্য। তিনি মনে করেন, এটি একসময় মূল্যবান আর্কাইভ হিসেবেও কাজ করবে।
মুনমুনকে উপস্থাপক হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি জানান, কয়েকজনের নাম বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত মুনমুনই অনুষ্ঠানটির আবহ, গভীরতা ও আন্তরিকতার সঙ্গে সবচেয়ে বেশি মানিয়ে গেছেন। দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকায় অনুষ্ঠানটির ভাবনা তিনি খুব সহজেই আত্মস্থ করতে পেরেছেন।
‘লিজেন্ড অ্যান্ড লিগ্যাসি’ ইতোমধ্যে কাহিনি স্টুডিওসের ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রচার শুরু হয়েছে। মোট ১৩ পর্বের এই সিরিজের নতুন পর্ব প্রতি সপ্তাহে দর্শকদের জন্য প্রকাশ করা হবে।

























