তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে সহযোগিতার নতুন দিগন্ত
বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে চলমান সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থের বিষয়গুলোতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোগান।
বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বহুমাত্রিক করার পাশাপাশি ভবিষ্যতে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচনের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

























