ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাস থেকে নেমে ওই নারী এক্সপ্রেসওয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩২ বছর। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচল এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে পথচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ করে বৃষ্টির সময় আরও বেশি সতর্ক থাকতে হবে। নিরাপদে পারাপারের জন্য নির্ধারিত পদচারী সেতু ব্যবহার করলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ ঘটনায় হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

























