জিয়া হত্যা মামলার পলাতক আসামি মোজাফফরের বিচার হবে জেনারেল কোর্ট মার্শালে
নিজস্ব সংবাদ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি সদরদপ্তর পরিদর্শন করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাঁর বিচার সেনা আইনে পরিচালনার জন্য তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যান্য অভিযুক্তদের বিচার সামরিক আদালতেই হয়েছিল। সেই রায় এবং সংশ্লিষ্ট পর্যবেক্ষণ বিবেচনায় নিয়েই জেনারেল কোর্ট মার্শাল মোজাফফর হোসেনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
একই ঘটনায় তাঁর বিরুদ্ধে বেসামরিক আইনে নতুন করে মামলা করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে। বর্তমানে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, একই ব্যক্তিকে একই অপরাধে দুটি পৃথক আইনে পুনরায় বিচার করা আইনসম্মত নয়।
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন (৭৭)। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।