জাতীয় সংসদ প্রাঙ্গণে ব্যারিস্টার জমির উদ্দিনকে শেষ শ্রদ্ধা, জানাজায় প্রধানমন্ত্রী-তারেক রহমানসহ শীর্ষ নেতারা
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা। রোববার (১২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ জানাজায় দেশের রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, সংসদ সদস্য, মন্ত্রী, বিভিন্ন দলের প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজনেরা অংশ নেন।
জানাজার আগে প্রয়াত এই রাজনীতিকের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের স্পিকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নুরুল ইসলাম, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মন্ত্রী, সংসদ সদস্য, পেশাজীবী, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নিয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।























