জমকালো আয়োজনে উদ্বোধন হলো ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬
ফাহিম হোসেন মুন্না , নর্থ প্রতিনিধি ইতালি :
লালগালিচা, তারকাদের ঝলক আর বিশ্ব সিনেমার বর্ণিল উপস্থিতিতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুধবার, ২ সেপ্টেম্বর ইতালির লিডো দি ভেনেজিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের এবারের আসর। উৎসব চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে তারকাখচিত। রেড কার্পেটে একের পর এক তারকার উপস্থিতি আয়োজনের জৌলুশ আরও বাড়িয়ে দেয়।
এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। রুপার্ট মারডকের ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রবেশ এবং সংবাদপত্রের জগতে তাঁর প্রভাবকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয় উদ্বোধনী রাতে।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হলিউড তারকা জর্জ ক্লুনিকে আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন প্রদান। অভিনয় ও চলচ্চিত্র নির্মাণে দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
তবে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, প্রথমবারের মতো একটি বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে।
নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত হয়েছে উৎসবের ওরিজন্তি প্রতিযোগিতা বিভাগে।
ভেনিসের লালগালিচায় বাংলাদেশের সিনেমার এই উপস্থিতি দেশের চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর আগে ২০১০ সালে ইশতিয়াক জিকোর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রি’ ভেনিসে নির্বাচিত হয়েছিল। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ভেনিসের একটি প্রতিযোগিতামূলক বিভাগে জায়গা করে নিয়েছে।
সব মিলিয়ে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আলোচিত এই উৎসবের পর্দা ওঠার অপেক্ষায় এখন ভেনিস। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই মহামঞ্চে বাংলাদেশের সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি করেছে বাড়তি আগ্রহ, প্রত্যাশা ও গর্বের অনুভূতি।
সব মিলিয়ে বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন ইতালির লিডো দি ভেনেজিয়ার দিকে। আগামী ১০ দিন বিশ্ব সিনেমার আলো, তারকাদের উপস্থিতি এবং সেরা চলচ্চিত্রের প্রতিযোগিতায় মুখর থাকবে ভেনিস।


























