চাঁদাবাজদের সঙ্গে পুলিশের যোগসাজশ পেলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চিকিৎসক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ ঘটনায় পুলিশের আরও কিছু দায়িত্ব পালন করা বাকি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজধানীসহ ডিএমপির আওতাধীন এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে। তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের যোগসাজশ বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ওই সদস্যদেরও তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনে কোনো সদস্য ব্যর্থ হলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
























