গাজীপুর মহানগরের দীর্ঘদিনের যানজট ও রেলক্রসিং-সংক্রান্ত দুর্ভোগ একটি ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
গাজীপুর মহানগরের দীর্ঘদিনের যানজট ও রেলক্রসিং-সংক্রান্ত দুর্ভোগ কমাতে জয়দেবপুর রেলগেট এলাকায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে একটি ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি জানান, আগামী মাস থেকেই প্রকল্পটির নির্মাণকাজ শুরু হতে পারে। বর্তমানে এই লেভেল ক্রসিং দিয়ে দিনে প্রায় ৭০ থেকে ৭২টি ট্রেন চলাচল করে, ফলে এলাকাটিতে নিয়মিত যানজটের সৃষ্টি হয়।
শনিবার গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে গাজীপুর সিটি কলেজের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা–গাজীপুর বিআরটি প্রকল্পটি সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়াও প্রায় সম্পন্ন হয়েছে।


























