খেলতে আসছেন ‘বাংলাদেশের জামাই’, সঙ্গে খুলনার ছেলে
বাংলাদেশ সফরের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে মালয়েশিয়া ক্রিকেট বোর্ড। দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে ম্যাচ খেলতে আজ (বুধবার) বাংলাদেশে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল।
মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশের জামাই সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। আর তার নেতৃত্বাধীন দলেই আছেন খুলনার ক্রিকেটার নাজমুস সাকিব, যিনি নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামবেন।
বাঁ-হাতি ব্যাটার ও ডানহাতি মিডিয়াম পেসার আজিজ মালয়েশিয়ার হয়ে ১০০টিরও বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সংস্করণে তার রান তিন হাজারের বেশি। অ্যাসোসিয়েট দেশগুলোর সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষ পাঁচেও রয়েছে তার নাম। বল হাতেও কম যান না, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৭৬টি উইকেট। অধিনায়ক হিসেবে মালয়েশিয়ার হয়ে প্রায় ৬৫ শতাংশ ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তার।
ক্রিকেট মাঠের বাইরেও বাংলাদেশে সৈয়দ আজিজের পরিচয় আলাদা। ২০২৩ সালে মালয়েশিয়ায় পরিচয় হয় বাংলাদেশের চট্টগ্রামের মেহেদীবাগ এলাকার বাসিন্দা রওনাক নওয়ারের সঙ্গে। প্রায় দুই বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে চট্টগ্রামে বিয়ে করেন তারা।
বাংলাদেশ সফরে প্রথমে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে মালয়েশিয়া।
ম্যাচ দুটি হবে ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।
এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে নিজেদের এইচপি স্কোয়াডও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


























