মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান দাবি করেছে, সোমবার রাতে কুয়েতে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক মার্কিন সামরিক তৎপরতা ও বারবার আগ্রাসনের জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, হামলায় মার্কিন বাহিনীর জ্বালানি সংরক্ষণাগার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং গোলাবারুদ গুদামকে লক্ষ্যবস্তু করা হয়। তাদের দাবি, এসব স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকটি স্থানে আগুনও ছড়িয়ে পড়ে। তবে এ দাবির স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
একই সময়ে ইরানের নৌবাহিনী আরও দাবি করে, মার্কিন বাহিনী তাদের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় উপকূলীয় এলাকা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের অভ্যন্তরে নতুন করে সামরিক অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা এবং সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর মতে, সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।