কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতির’ আশঙ্কার কথা বলছে পুলিশ। এ জন্য সারাদেশে পুলিশ সদস্যদের ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি ‘নিরাপত্তামূলক ব্যবস্থা’ নিতে নির্দেশনাও দিয়েছে পুলিশ সদর দপ্তর।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কোনো হুমকি রয়েছে কি-না, শনিবার একটি সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে।
জবাবে তিনি বলেছেন, “২৩শে জুনকে টার্গেট করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে, সেজন্য পুলিশকে সতর্ক করা হয়েছে”।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে ধানমন্ডি ৩২ নম্বরের সড়ক ও আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

























