কথা রাখতে পেরেছি, আজ আমার জন্য স্মরণীয় দিন” — ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
মনিরুজ্জামান মনির ,বিশেষ প্রতিবেদক
ফ্যামিলি কার্ডের ৩য় পর্যায়ের বিতরণ কার্যক্রম উদ্বোধন
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফ্যামিলি কার্ড’-এর তৃতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন, “কথা রাখতে পেরেছি। আজ আমার জন্য একটি স্মরণীয় দিন।”
তিনি বলেন, দেশের অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় আজ বহু মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হচ্ছে, যা তাদের নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি যেসব দুঃস্থ পরিবারের নিজস্ব বসতঘর নেই, তাদের ঘর নির্মাণের জন্য জনপ্রতি দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা ব্যয় বহনে অক্ষম অসহায় মানুষের হাতেও সহায়তার অর্থ তুলে দেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনকে আরও নিরাপদ ও স্বাবলম্বী করে তোলা। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

























